উপাচার্যের সঙ্গে অসৌজন্যতায় রাবিতে কর্মবিরতি-ক্লাসবর্জন

উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে কর্মবিরতি, ক্লাসবর্জন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
জানা গেছে, উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ এবং স্বায়ত্বশাসন সমুন্নত রাখার দাবিতে চেয়ারম্যান কাউন্সিল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে। এরআগে তারা গত বুধবার জরুরি হস্তক্ষেপ চেয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে। 
অন্যদিকে একই দাবিতে সমাজ বিজ্ঞান বিভাগের দুই দিনের ক্লাস বর্জন কর্মসূচির বৃহস্পতিবার শেষ হয়েছে। গত বুধবার তারা ক্লাসবর্জন কর্মসূচি শুরু করে। এছাড়া একই দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।
 
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ এপ্রিল উপাচার্যের অফিসে যথাক্রমে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং  আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। উভয় ঘটনার প্রতিবাদে এক সপ্তাহ ধরে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল রয়েছে ক্যাম্পাস।