জীবন দিয়ে হলেও আপনাদের সেবা করব: সাঈদ খোকন

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চাঁনখারপুল ও আশপাশের এলাকায় প্রচারণা চালানোর সময় ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ভোটারদের উদ্দেশে বলেন, আমার বাবা ঢাকাবাসীর জন্য আমৃত্যু কাজ করে গেছেন। আমাকে একবার সুযোগ দিন। আমি জীবন দিয়ে আপনাদের সেবা করবো। এ সময় তিনি নিজেই ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ইলিশ মাছ মার্কায় ভোট চান। ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বলেন,  আমি ঢাকার ছেলে। নির্বাচিত হলে সব সময় আপনাদের পাশে থাকব। তিনি নিজের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও ঢাকাবাসীর সঙ্গে তাদের সম্পর্কের কথা তুলে ধরেন।  গতকাল তিনি যখন চাঁনখারপুলে প্রচারণা চালান, প্রায় একই সময়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে তার পক্ষে প্রচারণা চালান স্ত্রী ফারহানা সাঈদ। এ সময় ফারহানা সাঈদের সঙ্গে ছিলেন তার বাবা বদরুল আলম, ননদ শাহানা হানিফ ও শ্বশুরবাড়ির সদস্যরা। ফারহানা সাঈদ ভোটারদের মাঝে খোকনের নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করে স্বামীর জন্য ভোট প্রার্থনা করেন।

 
তিনি বলেন, আমার স্বামী সত্ লোক। আপনারা একবার সুযোগ দিন। ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করুন। তিনি তার বাবার মতো ঢাকাবাসীর জন্য নিজেকে উত্সর্গ করবেন।
 

পরে সাঈদ খোকন দুপুরে হাইকোর্টের সুপ্রিমকোর্ট বারে গণসংযোগ করেন। এরপর বিকালে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কদমতলী ও হাজারীবাগের ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।