বেনাপোলে সংঘর্ষে নিহত ২

বেনাপোলের সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে ঝড়ে উপড়ে যাওয়া রাস্তার সরকারি গাছ কাটতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জসিম উদ্দিনের ছেলে সাবেক ইউপি মেম্বর আব্দুল্ল্যা (৪০) ও আব্দুল খলিলের ছেলে সামছুর রহমান বুদো (৫০)। আহতরা নাভারন ও যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
সংঘর্ষের সময় বিক্ষুব্ধ জনতা পাঁচটি বাড়ীতে অগ্নিসংযোগ করেছে।  
 
গ্রামবাসীরা জানান, শুক্রবার সকালে ঝড়ে রঘুনাথপুর-সাদিপুর সড়কের দাবাড়ি মাঠ এলাকায় রাস্তার ধারের কয়েকটি বাবলা গাছ উপড়ে যায়। ওই গাছ কাটার জন্য ওই গ্রামের আব্দুর রহমান মল্লিকের তিন ছেলে নাসির উদ্দিন নাশু, আলাউদ্দিন ও ফুলছোদ্দিন সেখানে যায়। সরকারি সম্পদ রক্ষায় আব্দুল্লাহ মেম্বার গাছ কাটতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিন ভাই আব্দুল্লাহর ওপর ধারারো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ঘটনা নিয়ন্ত্রণ করতে এসে অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা পাঁচটি বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
 
আহতরা হচ্ছেন, একই গ্রামের আব্দুল্লার ছেলে সুমন (২৩), তজির উদ্দিনের ছেলে আজগর আলি (৩৬), সারজুল হকের ছেলে আব্দুল্লাহ (৩৫) এবং গোলাম সর্দারের ছেলে হাফিজুর রহমান (৩৫)। হাফিজুর রহমানকে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকি তিনজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বজনেরা।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।