বঙ্গোপসাগরে ১ হাজার টন কয়লা নিয়ে এমভি মাস্টার সোহাগ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
শুক্রবার বেলা ১টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের লালবয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল সূত্র জানায়, জাহাজটি বিদেশ থেকে আমদানি করা কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল।
সকাল ৮টার দিকে এটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে। বেলা ১টার দিকে সন্দ্বীপ চ্যানেলের লালবয়ার চর এলাকায় পৌঁছালে প্রবল বাতাসের ধাক্কায় জাহাজটি কাত হয়ে ডুবে যায়।
এসময় পাশ দিয়ে যাওয়া অন্য দুইটি জাহাজ ডুবে যাওয়া জাহাজের ৯ জন নাবিককে উদ্ধার করে। তবে জাহাজটিতে থাকা কয়লা উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের কয়লা নষ্ট হয়ে গেছে বলে পরিবহণ সংস্থা সমতা শিপিং লাইনসের প্রতিনিধি জামাল হোসেন ইত্তেফাককে জানান।
জানা গেছে, সালাহউদ্দিন আলী আহমেদ নামে সিলেটের এক ব্যবসায়ী এই কয়লার আমদানিকারক। তিনি খুলনার বিভিন্ন ইটভাটা মালিকের কাছে এই কয়লা বিক্রি করেন।
এদিকে বিকাল পর্যন্ত জাহাজটি উদ্বারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে বন্দর সূত্রে জানা গেছে। জাহাজডুবির বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর নাজমুল আলম এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে ইত্তেফাককে জানান।