আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচনে ইসি পদক্ষেপ নিবে: তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল শুক্রবার সকালে মহাখালীসহ বিভিন্ন এলাকায় তার প্রতীক ’বাস’ মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান। 
 
প্রচার চালানোর সময় বলেন, সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন বারবার তাদের মত পাল্টে খুব বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছে। তবে আমরা এখনো আশাবাদী সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের যে পদক্ষেপ নেওয়ার তা তারা নিয়ে ফেলবে।
 
তিনি বলেন, আমরা আশা করেছিলাম, সরকার জনগণকে ভোটের অধিকার ফেরত দেবে। কিন্তু দেখা যাচ্ছে যতবারই ২০ দলীয় জোট বা বিএনপি নেত্রী খালেদা জিয়া বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ততবারই তারা কোনো ভালো উদ্যোগ নিয়ে আসেননি। একতরফা গণতন্ত্র চলছে।  বিকালে বসিলা উত্তরপাড়া ও মোহাম্মদপুর টাউন হল এলাকায় নির্বাচনী প্রচার চালান তাবিথ আউয়াল।
এদিকে তাবিথের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর, নাবিস্কো এলাকায় গণসংযোগের পর পাশের রহিম মেটাল জামে মসজিদে তাবিথ আউয়ালের জুমার নামাজ পড়ার কথা ছিল। তিনি নামাজ পড়তে মসজিদে গেলে সেখানকার পুলিশ বলে, এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নামাজ পড়বেন। তাই তিনি যেন অন্য কোনো মসজিদে নামাজ পড়তে যান। পরে তাবিথ ‘নাখালপাড়া বড় মসজিদ’ এ জুমার নামাজ পড়েন। 
 
এ অভিযোগ অস্বীকার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, প্রতিমন্ত্রী মহোদয় ওই মসজিদে নামাজই পড়েননি। তিনি নামাজ পড়েছেন বেগুনবাড়ির ‘সিদ্দিক মসজিদ ঢাল’র মসজিদে। তাবিথ আউয়ালও ‘রহিম মেটাল মসজিদে’ যাননি দাবি করে তিনি বলেন, তিনি (তাবিথ) নামাজ পড়েছেন নাখালপাড়ার একটি মসজিদে। তাদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
এদিকে  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ‘বাস’ মার্কার পক্ষে উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, গুলশানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে। 
প্রচারণায় ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘আতঙ্কিত জনপদে ভোটাররা কেন্দ্রে যাওয়ার সুযোগ পেলে তাবিথ আউয়ালের বিজয় সুনিশ্চিত।’