প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান টি২০ ক্রিকেট ম্যাচ দেখতে যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম টেলিফোনে বাসসকে জানান, টসে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার জন্য পাকিস্তান দল মাঠে নামার পরপরই ক্রিকেট খেলার দারুন ভক্ত শেখ হাসিনা সন্ধ্যা প্রায় ৭ টায় স্টেডিয়ামে প্রবেশ করেন।
স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী খেলা উপভোগ করছেন। স্টেডিয়ামের বড় পর্দার টেলিভিশনে প্রধানমন্ত্রীকে দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকেও প্রধানমন্ত্রীর পাশে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে।
প্রধানমন্ত্রী গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ২য় একদিনের ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলেন। সেদিন বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল।