বিশ্ব ম্যালেরিয়া দিবস শনিবার

ম্যালেরিয়া ঝুঁকিতে দেশের ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার মানুষ

 
 
 
 
 
বিশ্ব ম্যালেরিয়া দিবস ২৫ এপ্রিল। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারতি হয়েছে, ‘ভবিষ্যতে বিনিয়োগ কমাবে ম্যালেরিয়া’। এ উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলা এবং ৭০ উপজেলার ৬২০টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে—বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার মানুষ। ২০০৫ সালে ১৩টি জেলায় ৪৮ হাজার ৬৪৭ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়। তাদের মধ্যে ৫০১ জন মারা যান। এরপর জাতীয় ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচির আওতায় বড় আকারে কর্মকাণ্ড পরিচালিত হওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
২০১৪ সালে ৯৭টি দেশ ও অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছিল। বাংলাদেশের ১৩টি জেলার ৭১টি উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সর্বাধিক। প্রতি বছর ম্যালেরিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার শতকরা প্রায় ৯৮ ভাগ। সীমান্তবর্তী ১৩টি জেলার মধ্যে রয়েছে—রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও কুড়িগ্রাম। তবে বাংলাদেশের ১৩ জেলার এক কোটি ৩২ লাখ ৫০ হাজার মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে পার্বত্য চট্টগ্রাম এলাকার ১৫ লাখ মানুষ। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ তিন জেলার ৭৫ শতাংশ মানুষ কীটনাশকযুক্ত মশারী টাঙিয়ে রাতে ঘুমায়। তবে দিনে ঝোঁপ-ঝাড় থেকে বেরিয়ে আসা মশার আক্রমণ থেকে কী ভাবে তারা রক্ষা পাবে এ প্রশ্নের জবাব মিলছে না। এ ছাড়া, দেশের অন্য ১০ জেলার মানুষ সংখ্যায় কম হলেও ঝুঁকির মধ্যে বাস করছে। এ অবস্থার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৫।