জনগণই আমার সেনাবাহিনী: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, জনগণই আমার সেনাবাহিনী। আমার সেনাবাহিনীর দরকার নেই। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় গণসংযোগের সময় সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি একথা বলেন।

 
এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা? এটা নির্বাচন কমিশনের বিষয়। আমি প্রার্থী, আমার সম্পর্ক জনগণের সঙ্গে। জনগণই আমার সেনাবাহিনী। তিনি বলেন, আমার নামে কোন মামলা নেই। তাই নির্বাচিত হলে প্রথম দিন থেকেই আমি কাজ শুরু করতে পারব। কাজের ক্ষেত্রে জনগণের মতকে প্রাধান্য দেয়া হবে উল্লেখ করে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বলেন, আমি নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান হিসাবে ঢাকাবাসীর সেবা করব।
 
গতকাল নিউমার্কেট এলাকায় গণসংযোগ শেষে সাঈদ খোকন আজিমপুর কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি জাতীয় মসজিদে মুসল্লিদের কাছে ইলিশ মাছ প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন।
 
সাঈদ খোকন বলেন, বায়তুল মোকাররম মসজিদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। এই মসজিদে আমার বাবার জানাজা হয়েছে। দাদা মাজেদ সরদারও মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নির্বাচিত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জন্য যা যা দরকার তার সবই করবো। তিনি বিকালে রাজধানীর মেরাদিয়া এলাকায় গণসংযোগ করেন।