বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রভাব পড়বে না বলে মনে করেন উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলাকারীদের শাস্তি দাবি করে বলেন, কারা এ হামলা করেছে আমি জানি না। তবে অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করছি। এ ঘটনা তার ভোট পাওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি মন্তব্য করেন।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারাই। তিনি আরো বলেন, দীর্ঘ কর্মময় জীবনে কখনোই আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না। আমি নির্বাচিত হলে ভালো কাজ করতে পারব। কারণ আমার পক্ষে সরকারের সমর্থন রয়েছে। আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে শিল্পীরা আনিসুল হকের সমর্থনে ‘সমাধান যাত্রার গান’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মমতাজ, নিশীতা, কিশোর, জয় প্রমুখ অংশ নেন। আব্দুন নূর তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পীরা বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী ঢাকা গড়তে আনিসুল হক’ই যোগ্য প্রার্থী।
এছাড়া একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের আদর্শে ঢাকা গড়তে উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছে ‘সহস্র নাগরিক কমিটি’। সংগঠনের আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আতাউর রহমান, তারানা হালিম এমপি, ফুটবলার কায়সার হামিদ, শিল্পী ফকির আলমগীর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আকাশে একশ’ সাদা বেলুন উড়িয়ে সন্ত্রাস-নৈরাজ্য রুখে দিয়ে নাগরিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে সৈয়দ হক বলেন, ‘আপনার আমার সকলের প্রাণের শহর ঢাকা। তাই এ ঢাকাকে সুরক্ষা করা আপনার আমার সকলেরই দায়িত্ব।’