ফেনীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ও রাকিব নামের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের দক্ষিন কাশিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফেনী মহিপাল হাইওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে ফেনীর মহিপাল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি ফেনী-নোয়াখালী সড়কের দক্ষিন কাশিমপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী সাইফুল ও রাকিব নিহত হন। এ সময় ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
নিহত রাকিব পাঁছগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মানিকের ভাতিজা বলে জানা যায়। সে নটরডেম কলেজের ছাত্র। নিহত সাইফুল ফেনী ফুড গার্ডেনর রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।