অবশেষে জয়ের দেখা পেলো রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

টানা তিন ম্যাচ পরে জয়ের স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল ব্যাঙ্গালোর। সব বিভাগে ভাল খেলেই রাজস্থান রয়ালসকে ৯ উইকেটে হারায় তারা। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জেতার পর টানা দ্বিতীয় ম্যাচ হারলো রাজস্থান। আর সমান ম্যাচ খেলে ব্যাঙ্গালোরের এটা দ্বিতীয় জয়।  
 
শুক্রবার আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৩০ রান করে রাজস্থান। জবাবে কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের নৈপুণ্যে ২৩ বল হাতে লক্ষ্যে পৌছে যায় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
 
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৬ রানে ক্রিস গেইলকে হারায় ব্যাঙ্গালোর। এরপর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ৯৮ রানের জুটিতে সহজেই জয় নিশ্চিত করে দলটি।
অধিনায়ক কোহলি সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন। আর ডি ভিলিয়ার্স করেন অপরাজিত ৪৭ রান।
 
এর আগে আজিঙ্কা রাহানে ও শেন ওয়াটসনের ৩৬ রানের উদ্বোধনী জুটিতে ইনিংসের শুরুটা ভালোই করেছিল রাজস্থান। কিন্তু এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতি আর ধরে রাখতে পারেনি রাজস্থান। শেষ দিকে ৯ রানে ৪ উইকেট হারায় তারা।
 
রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন স্টিভেন স্মিথ। ২২ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সফলতম বোলার মিচেল স্ট্যার্ক।