ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ঢাকার সাভারে পোশাক কারাখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক। শনিবার আল মুসলিম গ্রুপের এক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
দুপুর ১২টা ১১মিনিটে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল প্রায় ৭.৫। উত্পত্তিস্থল নেপালে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৭.৯। এই ঘটনায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন ভবন থেকে বের হয়ে আসে।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৫০ জনকে তাদের ওখানে ভর্তি করা হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আহতরা জানান, পাঁচতলা ওই কারখানা ভবন থেকে শ্রমিকরা বেরিয়ে আসার চেষ্টা করলে আনসার সদস্যরা বাধা দেয় এবং এ নিয়ে আনসারদের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শ্রমিকরা জোর করে নামতে গেলে পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন।
ভূমিকম্পের সময় আনসার সদস্যরা নামতে বাধা দেওয়ায় পরে শ্রমিকরা কারখানার ভেতরের জানালা ও দরজার কাচ ভাংচুর করে। এ সময় আনসার সদস্যরা ক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিলে তারা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।
এ বিষয়ে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।