শুক্রবার স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ১০জন খেলোয়াড়কে ডোপ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন লিয়নেল মেসি ও লুইস সুয়ারেজ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা পুরো বিষয়টি পরিচালনা করেছেন।
এস্পনেয়লের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচ এবং দুই সপ্তাহ পরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগে বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়কে এই পরীক্ষা দিতে হয়েছে। মেসি এবং সুয়ারেজ ছাড়াও এই তালিকায় থাকা অন্য খেলোয়াড়রা হলেন— মার্ক আন্দ্রে টার-স্টেগান, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ, সার্জিও বাসকোয়েট, আন্দ্রেস ইনিয়েস্তা, জোর্দি আলবা, ডানি আলভেস এবং জাভি হার্নান্দেজ। তাদের রক্ত এবং মূত্রের নমুণা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।