প্রচারণার নামে অরাজকতা সৃষ্টি করছেন খালেদা জিয়া: নাসিম

 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অস্ত্রসহ বিশাল গাড়িবহর নিয়ে সিটি নির্বাচনের প্রচারণার নামে অরাজকতা সৃষ্টি করছেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তার বিরুদ্ধে এ অভিযোগ জানাতে ১৪ দলীয় জোটের একটি প্রতিনিধি দল আগামীকাল রবিবার নির্বাচন কমিশনে (ইসি) যাবে। শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
 

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেত্রী ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন, তার ৯২ দিনের হরতাল-অবরোধের আন্দোলনও ব্যর্থ হয়েছে। এখন সিটি নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে অস্ত্রসস্ত্র নিয়ে ক্যাডারসহ নিজেই মাঠে নেমেছেন। তার দলীয় ক্যাডাররা মোটরবাইক নিয়ে কয়েক দফা মহড়া দিয়েছে।’ ১৪ দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাসিম। ঢাকা ও চট্টগ্রামবাসীকে নির্বাচনে ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আপনারা বুঝিয়ে দিন এ দেশে পেট্রোলবোমা হামলাকারীদের কোন স্থান নেই। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি তিনি আহ্বান জানান।