নরসিংদীতে ভূমিকম্প আতঙ্কে ৫০ স্কুল শিক্ষার্থী অজ্ঞান

নরসিংদীতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। দুপুর ১২টা ১৫ মিনিটে হঠাৎ ভূমিকম্প শুরু হলে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ভূমিকম্প আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ভূমিকম্পে আতঙ্কের মধ্যে পড়ে তৃতীয় ও দ্বিতীয় তলা থেকে দৌড়ে নিচতলায় আসতে দেখা গেছে।
 
নরসিংদী শহরের ব্রা‏হ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ জন ছাত্রী, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন ছাত্রী, ঘোড়াদিয়া, রাজাদী, চিনিশপুর, চরনগরদী, গয়েশপুর, সাটিরপাড়াসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ভূমিকম্প আতঙ্কে প্রায় ৫০ জন জ্ঞান হারিয়ে ফেলে। অবশ্য পরে তারা সুস্থ হয়ে ওঠে।
 
ইউএনবি টুয়েন্টিফোর ডট কম এর নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু ফায়েজের গাবতলীস্থ বাসভবনের টিনের চালা ভূমিকম্পে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এছাড়া ভূমিকম্প বড় ধরনের আর কোন খবর পাওয়া যায়নি।