নেপালের ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের নারী ফুটবলাররা ক্ষতির সম্মুখীন হয়নি। তারা এখন নিরাপদে আছেন। কাঠমান্ডুতে টিম হোটেলে অবস্থান করছেন বাংলাদেশের অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলাররা। দলে রয়েছেন—১৮ ফুটবলার, কোচ, সহকারী কোচ ২ জন, ৫ কর্মকর্তা এবং ২ জন মহিলা রেফারি। ত্রিভুবন বিমানবন্দর চালু হলেই যে কোনো সময় ফুটবল খেলোয়াড়রা বাংলাদেশের পথে রওনা দেবেন বলে বাফুফে জানিয়েছে।
এএফসি অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নেপালে গিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছিল। গতকাল শনিবার বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভূমিকম্পের কারণে সেই ম্যাচ আপাতত স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। জানা গেছে, দশরথ স্টেডিয়ামের বড় গেইট ভেঙ্গে গিয়েছে। গ্যালারিতে ফাটল দেখা দিয়েছে। দেয়াল ভেঙ্গে গিয়েছে। ফাইনাল ম্যাচ কবে হবে তা বলা হয়নি। তবে বাফুফে ফাইনাল ম্যাচটি বাংলাদেশে আয়োজন করার জন্য এএফসির সাথে কথা বলবে।