সেনা নিয়োগ একান্তই ইসির বিষয় - প্রচারণাকালে আনিসুল

শেষ মুহূর্তে জমে উঠেছে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক গতকাল শনিবার বৃষ্টিবিঘ্নিত দিনেও সকাল থেকে গভীর রাত অবধি নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

 
দুপুরে তেজগাঁও কলেজে প্রচারণা চলাকালে আসুিল হক বলেন, নির্বাচন কমিশন (ইসি) যদি মনে করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে সেনাবাহিনী দরকার তাহলে নামাবে, আর যদি মনে করে সেনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাহলে নামাবে না। এটা  একান্তই নির্বাচন কমিশনের বিষয়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের ভোট পেলে আমি নির্বাচিত হবো। আমার মধ্যে সততা আছে। আমার কোনো দুর্নাম নেই। এছাড়া প্রশাসন চালানোর মতো অভিজ্ঞতা আমার রয়েছে। এসব বিবেচনায় আপনারা আম?াকে নির্বাচিত করুন। এসময় উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ।
 
এর আগে সকালে একটি অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আজ নির্বাচিত হলে, কালই সব সমস্যার সমাধান করা যাবে, এমন কোন আলাদিনের চেরাগ নেই মেয়রদের হাতে। তবে সিটি করপোরেশনের প্রধান সমস্যা দুর্নীতি। এটা বন্ধ করার জন্য প্রথমেই ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, যে ব্যক্তি সরকারের সাথে ভালো সমঝোতার মাধ্যমে কাজ আদায় করতে পারবেন তাকেই মেয়র নির্বাচিত করা উচিত।
 

বিকালে আনিসুল হক রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে হারুন মোল্লা মাঠে একটি কনসার্টে যোগ দেন। পরে সন্ধ্যায় উত্তরায় গণসংযোগ করেন।