পবিপ্রবির ভূ-কম্পন মাপার যন্ত্রটি চার বছর ধরে বিকল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপকারী যন্ত্রটি চার বছর ধরে বিকল থাকায় সেটি কোনো কাজে আসছে না। ভূ-কম্পন পরিমাপকারী যন্ত্রটির দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান জানান, এখানকার ভূ-কম্পন পরিমাপকারী যন্ত্রটির সেন্সর বিকল থাকায় এ সম্পর্কিত কোনো পূর্বাভাস কিংবা তথ্য জানানো সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
 

পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকাসহ সর্বত্র গতকাল দুপুরে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে ঘটা এই ভূ-কম্পনে সাগর, নদী ও পুকুরের পানিতে অতিমাত্রায় ঢেউয়ের সৃষ্টি হয়। জেলা প্রশাসক অমিতাভ সরকার জানিয়েছেন, ভূমিকম্পে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।