আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই

মহেন্দ্র সিং ধোনি ও ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। ধোনি ও ম্যাককালামের ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯৭ রানে জিতেছে চেন্নাই।
 
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯২ রান করে স্বাগতিকরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।
 
ডোয়াইন স্মিথ ও ম্যাককালামের উদ্বোধনী জুটিতে ২৮ বলে ৫০ রানে ভাল সূচনা করে চেন্নাই। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে জুটি বেধে ৬৬ রান করে বড় ইনিংসের ভিত গড়েন ম্যাককালাম। তিনি ফিরে গেলে বড় ইনিংস গড়ার বাকি কাজটুকু সারেন ধোনি। ৪৪ বলে ৬৬ রান করেন ম্যাককালাম। আর অধিনায়ক ধোনি করেন ২৭ বলে ৪১ রান। 
 
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পথ হারায় পাঞ্জাব। প্রথম ওভারের পঞ্চম বলে বিরেন্দর শেবাগে আউট দিয়ে শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি দলটি।
 
পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন বিজয়। ২২ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাদেজা। ৬ ম্যাচ খেলে চেন্নাইয়ের এটা পঞ্চম জয়। সমান ম্যাচে পাঞ্জাবের এটা চতুর্থ হার।