কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. শফিক (৪০) হ্নীলা ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গতকাল শনিবার রাত নয়টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে রবিবার ভোরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অভিযোগে হ্নীলা রঙ্গিখালী এলাকার আবুল বাসারকে (২৫) আটক করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে মো. শফিক হ্নীলা বাজার থেকে মোটরসাইকেলে করে এসে রঙ্গিখালী বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত ২০-২৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে শফিক মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
পরে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিক মেম্বারকে শনিবার রাত সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা কবির আহম্মদ বলেন, ‘আমার ছেলেকে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী আবদুল মজিদ বুলাইয়া বইদ্দ্য, আবুল আলম, আবুল বাসার, শাহ আলম, আবদু শুক্কুর, দেওয়ান ও পুতুলইল্লার ও দিল মোহাম্মদ লাদেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল গুলি করে হত্যা করেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।