বাংলাদেশ, ভারত ও নেপালে আবারো শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহওয়া অধিদফতরের ওয়েবসাইটে আবহাওয়াবিদ মোমেনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা একটা নয় মিনিট ৯ সেকেন্ডে ৮ সেকেন্ড এই ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৬, যা শক্তিশালী ভূমিকম্প। ঢাকা থেকে ৬১২ কিলোমিটার দূরে নেপালের কোদানি এলাকায় ছিল এর উৎপত্তিস্থল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
এ নিয়ে পরপর দুইদিন ভূমিকম্পের ঘটনা ঘটলো। এ সময় বহুতল ভবনে বসবাসকারী লোকজনকে দ্রুত ভবন থেকে নেমে নিচে আশ্রয় নিতে দেখা গেছে।
শনিবারের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশেও পরপর দুইবার ভূমিকম্প হয়েছে।