গৌরীপুর জংশনে পড়ে আছে ২৪টি ওয়াগন

 
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে খোলা আকাশের নিচে প্রায় পাঁচ বছরেরও অধিক সময় ধরে অচল অবস্থায় পড়ে আছে রেলওয়ের মালবাহী ২৪টি ওয়াগন। দীর্ঘদিন ধরে এই ওয়াগনগুলো অযত্নে পড়ে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
 
গৌরীপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, অচল অবস্থায় পড়ে থাকা ২৪টি মালবাহী ওয়াগনের মূল্য কয়েক কোটি টাকা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বছরের পর বছর খোলা আকাশের নিচে মালবাহী ওয়াগনগুলো পড়ে থাকায় রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। অধিকাংশ ওয়াগনে মরিচা ধরে বডি নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ফিটিংস। এরমধ্যে কয়েকটি ওয়াগন একেবারে পরিত্যক্ত হয়ে গেছে। বাকি ওয়াগনগুলোর কোনোটির হুক সমস্যা, কোনোটির ফ্লোর নষ্ট হয়ে গেছে। তবে গৌরীপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪টি ওয়াগনের মধ্যে ৬টি ওয়াগন ঠিক আছে। অন্যান্য যান্ত্রিক ত্রুটিযুক্ত ওয়াগনগুলো সংস্কার করা হলে পুনরায় চালু করা যাবে।
 
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাষ্টার এস এম তারেক জানান, যান্ত্রিক ত্রুটিযুক্ত মালবাহী ওয়াগনগুলো মেরামতের জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো  উদ্যোগ গ্রহণ করেননি।