রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপার আশা টিকিয়ে রাখার লক্ষ্যে আজ রাতে নিজেদের মাঠে আবার বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা রিয়াল আজ জিতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে চায়। এদিকে দুই দিন আগে কোপা দেল রে’র এল ক্লাসিকোতে জিতলেও তাতে মন ভরেনি কাতালান দলটির কোচ আর্নেস্তো ভালভার্দের। আসন্ন লড়াইয়ের আগে তাই তিনি আরও উন্নতির তাগিদ দিয়েছেন শিষ্যদের।
গেল বুধবার কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে সুবিধাজনক অবস্থানে থেকে খেলা শুরু করেও ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছিল রিয়াল। ফলে কাপ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় কোচ সান্তিয়াগো সোলারির শিষ্যদের। কাপে এমন শোচনীয় পরাজয়ের দিন দুয়েকের মধ্যেই আবার লড়াইয়ে নামতে যাচ্ছে দুই দল।
স্পানিশ লিগে ধারাবাহিকতাহীনতার খেসারত দিয়ে এ মৌসুমে ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। ম্যাচটি হারলে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ১২। এমন পরিস্থিতিতে মাঠে নামার আগে রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস জানালেন জয়ের জন্য মরিয়া তার দল।
লা লিগাকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন,‘এটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ খেলা। শুধু প্রতিপক্ষ বার্সেলোনা হবার কারণেই নয়, এর কারণ হচ্ছে এখানে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে পারি আমরা, বিশেষ করে খেলাটা যখন ঘরের মাঠে।’
কোপার সেমিফাইনালে প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেও গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয়েছিল রিয়ালকে। লিগে আবারও শিরোপাধারীদের মুখোমুখি হবার আগে ক্রুস সুযোগ কাজে লাগানোর ব্যাপারে তাগিদ দিলেন।
জার্মান মিডফিল্ডারের ভাষায়,‘ম্যাচটি জয়ের জন্য যথেষ্ট সুযোগ পাবো আমরা। বার্সেলোনার আরেকটু কাছে চলে আসার জন্য সেগুলোকে কাজে লাগাতে হবে আমাদের। এবারের লা লিগা সূচিটি বেশ কঠিন কেননা আমরা অনেক পয়েন্ট হারিয়েছি এবারের লা লিগায়। সুতরাং একে আরেকটু কাছে আসার সুযোগ হিসেবে দেখছি আমরা।’
এদিকে টানা ষষ্ঠ কোপা দেল রের ফাইনালে উঠে বেশ ফুরফুরে মেজাজে থাকলেও বার্সা কোচ ভালভার্দে প্রতিপক্ষ সম্পর্কে সতর্ক করে দিলেন দলকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের পরদিন গত বৃহস্পতিবারেই অনুশীলনে নেমে পড়েছিল বার্সেলোনার একাংশ। বার্সা কোচের বিশ্বাস কোপার শেষ চারের ফিরতি লেগের বড় সময়জুড়ে শ্রেয়তর প্রতিপক্ষ ছিল না তার দল। তাই পরের ম্যাচের জন্য উন্নতি আশা করলেন শিষ্যদের কাছে।
ভালভার্দে লিগকে দলের সবার প্রবল আকাঙ্ক্ষার শিরোপা আখ্যা দিয়ে বলেন, ‘এই খেলাটির গুরুত্ব আগের মতোই থাকবে এবং জয় তুলে নিতে হলে আরও উন্নতি করতে হবে আমাদের কেননা দলের সবাই এই শিরোপাটি জয় করতে চায়।’