স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান এমপি বলেছেন, এক বছর অতিবাহিত হলেও ভারতের সাথে আইনি জটিলতার কারণে নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে সব জটিলতা শেষ করে শিগগির নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার নতুন ভবন উদ্বোধন শেষে পুলিশ লাইনে সুধীসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট প্রতিমন্ত্রী সুধীসমাবেশে বলেন, ঢাকার কাওরান বাজারে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার ভুলের কারণে সিটি করপোরেশনের গণসংযোগকালে তার উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনকে না জানিয়েই সড়কে বের হন। তাকে বলা হয়েছিল নিজের নিরাপত্তার প্রয়োজন হলে তাকে নিরাপত্তা দেয়া হবে। কিন্তু তিনি কখন কোথায় যাবেন তা কিছুই অবহিত করেননি। অবরোধ আর হরতালে ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ লোকজন হামলা করতে পারে।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়নের জন্য যা কিছু করণীয় তাই করছে। এতে করে প্রধানমন্ত্রী সারাদেশে পুলিশ সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে। এখন দেশের ১১শ লোকের জনপ্রতি একজন করে পুলিশ সদস্য রয়েছে। পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে চলেছে। বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের দেশে পুলিশের সংখ্যা অনেক কম।
তিনি আরো বলেন, অচিরেই নারায়ণগঞ্জে মেট্রোপলিট্রন পুলিশ করা হবে। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে মেট্রোপলিট্রন পুলিশ কার্যক্রম প্রায় চূড়ান্ত। গাজীপুরের পরেই নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ করার কাজ শুরু হবে।
মন্ত্রি আরো বলেন, ২০বছর আগের পুলিশ এখন আর সেই পুলিশ নেই। জনসাধারণ পুলিশের সেবার জন্য সরাসরি যোগাযোগ করতে পারছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। আশা করছি পুলিশকে আরো আধুনিকায়ন করা হবে।
এর আগে বেলা সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানার নির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। পরে তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় উদ্ধারকৃত মদ, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, হেরোইন, হর্স ফিলিং প্লাস ধ্বংস করেন।
সুধী সমাবেশ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা বাবলী, পুলিশের আইজি শহীদুল হক পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।