দুই টেস্ট সিরিজে নিজ দেশ পাকিস্তানের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রমিজ রাজা। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘ইতিহাস গড়ার জন্য এটা বাংলাদেশের সামনে সোনালি সুযোগ; তাই আমি মনে করি, বাংলাদেশ জোর চেষ্টা করবে।’
আগামীকাল মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এর আগে তিন ওয়ানডের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও শহিদ আফ্রিদির দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় মাশরাফি বিন মুর্তজারা। এ কারণেই রমিজ মনে করেন বাংলাদেশ অনেক সুবিধা নিয়েই কৌশলগত ও মানসিক দিক থেকে আঘাত পাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে। রমিজ রাজা বলেন, ‘পাকিস্তানের জন্য এটা খুবই কঠিন হবে। যেহেতু একই কোচিং স্টাফ, একই খেলোয়াড়, সেহেতু বিষয়গুলো নাটকীয়ভাবে বদলাবে না।’