হাইকোর্টের তৃতীয় বেঞ্চে মির্জা আব্বাসের জামিন আবেদন

 
 
গাড়ি পোড়ানোর দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠানো হয়েছে। রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহা হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে জামিন আবেদনের নথি পাঠিয়ে দেন। এখন এই বেঞ্চ বিষয়টি নিষ্পত্তি করবে।
 
এদিকে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, ‘মির্জা আব্বাসের দুটি আবেদন সোমবার বিচারপতি রুহুল কুদ্দুসের বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভূক্ত থাকবে।’
 
গত ১৫ এপ্রিল হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর দুটি মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেয় হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দুটি মামলায় তাকে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। অপরদিকে কনিষ্ঠ বিচারক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে দ্রুত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বৃহস্পতিবার বিচারকরা তাদের বিভক্ত রায় লেখা শেষ করে তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
 
তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে থাকা মির্জা আব্বাস চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। এর মধ্যে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৯ ডিসেম্বর পল্টন এবং ৫ জানুয়ারি মতিঝিল থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।