র্যাব মহা-পরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের ৫ হাজার সদস্য মাঠে মোতায়েন থাকবে। রবিবার রাজধানীর উত্তরা র্যাব সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মহা-পরিচালক বলেন, যে কোন ধরনের বিশৃংখলা এড়াতে তিন সিটি’র বিভিন্ন ওয়ার্ডে র্যাবের মোট ২৬৮টি টহল টীম কাজ করবে।
এছাড়া নির্বাচনের দিন ১৩৪টি মোটরসাইকেল পেট্রোল, ৩৬টি স্টা্রইকিং রিজার্ভ ফোর্স এবং সাদা পোষাকে ১৩৪টি টিম কাজ করবে। র্যাব সদর দফতর থেকে প্রতিটি টীমের সাথে সার্বক্ষণিক সমন্বয় করা হবে। ভোট কেন্দ্রের সরঞ্জাম পরিবহনের নিরাপত্তাসহ ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রের নিরাপত্তা প্রদানেও অন্যান্য বাহিনীর সাথে র্যাব সর্বাত্নক সহায়তা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলো ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এসব ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে র্যাবের সহায়তা থাকবে।
তিনি বলেন, প্রতি ওয়ার্ডে র্যাবের দু’টি করে টহল দল মোতায়েন থাকবে। দু’টি ওয়ার্ড মিলে একটি ক্লাস্টার গঠন করা হবে। এর দায়িত্বে একজন এএসপি ও তদুর্ধ একজন মদমর্যাদার অফিসার থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, দু’টি ওয়ার্ডের জন্য দু’টি মোটরসাইকেল একযোগে টহল পরিচালনা করবে। প্রতি ওয়ার্ডে দু’জনের এফএস টিম থাকবে। প্রতি ব্যাটালিয়ন ৪টি রিজার্ভ স্ট্রাইকিং টীম থাকবে। ফলাফল ঘোষনার সময় কেন্দ্রের নিরাপত্তার জন্য ৪টি মোবাইল টীম থাকবে।
তিনি জানান, এছাড়া একটি করে মনিটরিং সেন্টার থাকবে। র্যাব সদর দফতর থেকে এসব কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল জিয়াউল আহসান, লিগ্যাল ও মিডিয়া উইয়ের পরিচালক কমান্ডার মূফতি মাহমুদ খান, র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে.কর্ণেল আবুল কালাম আজাদ, ডিডি মিডিয়া মেজর রুম্মন,মেজর মাকসুদ আলমসহ র্যাববের ঊর্ধ্বতন কর্মকর্তারা।