ডাকাতের হামলায় পাঁচজন নিহত হওয়ার পর থেকে বন্ধ থাকার পর আজ রবিবার আশুলিয়ায় কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখার কার্যক্রম শুরু হয়েছে। তবে ব্যাংকের কর্মকর্তাদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে রিমান্ডে থাকা ডাকাত সদস্য বাবুল সরদার ও মিন্টু প্রধানের কাছ থেকে আজ পর্যন্ত নতুন কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ।
ডাকাতির পর পালাবার সময় আটককৃত ডাকাত সাই্ফুল ইসলাম ও বোরহান উদ্দিন পুলিশ পাহাড়ায় সাভার এনাম মেডিক্যোল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তবে গনপিটুনিতে নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গ্রেফতারকৃত বাবুল সরদার ও মিন্টু প্রধান নিজেদের আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য দেয়ার চেষ্টা করছে। হাসপাতালে চিকিত্সাধীন সাইফুল ও বোরহান সুস্থ হওয়ার পর তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসবাদ করা হবে। পলাতক ডাকাতদের ব্যাপারে তথ্য মিলেছে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।