ভূমিকম্প কবলিত নেপালের জনগণের সহায়তায় ছয়টি মেডিকেল টিম ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ একটি কার্গো বিমান আজ রবিবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার নেপালে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এতে প্রায় ২,২০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক ব্যবস্থা।
এ কে এম শামীম চৌধুরী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও বিমানবাহিনীর ক্রুসহ ৩৪ সদস্যের এ টিম পরিবাহী বিমানে রয়েছে ওষুধ, তাঁবু, শুকনা খাবার, পানি, কম্বল এবং অন্যান্য ত্রাণসামগ্রী। ত্রাণসামগ্রী বিতরণের পর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে বিশেষজ্ঞ একটি মেডিকেল টিম নেপালে থেকে যাবে।
খবর বাসসের।