জুলুমের প্রতিবাদ হবে ব্যালটে: তাবিথ আউয়াল

 
ঢাকা সিটি উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘ভোটাররা যদি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন তবে আমাদের ঘরেই জয় আসবে। বিজয় হবে সরকারের জুলুম-মিথ্যাচারের বিরুদ্ধে। যারা নিপীড়ণের ভয়ে ভীত সন্ত্রস্ত, প্রতিবাদের কোনো পথ নেই, ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানাবেন। অন্যায়ের জবাব দিবেন ব্যালটে।’
 
নির্বাচনী প্রচারণার শেষ দিনে রবিবার এক সাক্ষাত্কারে তাবিথ আউয়াল এসব কথা বলেন। তিনি বলেন, ‘জনগণ আমাদের পাশে আছে। তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। যতোই হামলা-মামলা হোক, ভোটে আছি, থাকব। নির্বাচিত হলে আমার দেয়া প্রতিটি অঙ্গীকার পালন করবো ইনশা-আল্লাহ।’
 
তাবিথ বয়সে একবারেই নবীন। রাজনীতিতে নতুন মুখ। একপক্ষকাল গণসংযোগ, লিফলেট বিতরণ, ভোটারদের কাছে ভোট ও দোয়া চাওয়ায় ব্যস্ত ছিলেন প্রার্থী তাবিথ আউয়াল। তার পিতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল হওয়ার অনিবার্য কারণে নির্বাচনের লড়াইয়ে নামতে হয়। প্রচারণার শেষ দিনে আজও ব্যস্ততার মধ্যে সময় কাটে তার। তিনি বেগম খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘উনার কারণে আজ আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছি। মানুষের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হতে পেরেছি।’
 
এক প্রশ্নের জবাবে তাবিথ সেনাবাহিনী নামানোর দাবি জানিয়ে বলেন, ‘সর্বশেষ সেনা মোতায়েন নিয়ে ইলেকশন কমিশনের যে টালবাহানা করা হলো, সেটি আমাদের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। সেনা মোতায়েনের দাবি কিন্তু আমাদের না। এটা জনগণের দাবি। জনগণের সঙ্গে আমাদেরও আছে। সাধারণ জনগণ শুধু বলছে সেনাবাহিনী নামান। আমরা ভোট দিতে গিয়ে দেখব আমাদের ভোটটা দেয়া হয়ে গেছে। এই সুযোগটা আমরা হারাতে চাই না। সেজন্য সবাই সেনাবাহিনী চায়।’
 
তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শঙ্কামুক্ত থাকা যায় না। তবুও আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন চাইলে পরিস্থিতি ঠিক করা সম্ভব।’
 
তাবিথ বলেন, ‘নির্বাচন কমিশনকে আগেও বলেছি, এখনও বলছি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন। আশা করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে ভোটের দিন অন্তত সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে।’