নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, সব ধরনের ভয়ভীতির উর্ধ্বে উঠে সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট প্রদানের জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা ভোটারদের অনুরোধ করব তারা যেন উৎসব মুডে ভোট কেন্দ্রে যান। এই নির্বাচনে অন্যসময়ের তুলনায় তিন-চারগুণ বেশি আইন-শৃঙখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’
রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন সকাল থেকে পরদিন সকাল ৮ট পর্যন্ত সব ধরনের মোটরযান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে যান চলাচল অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘ইমাজেন্সির ক্ষেত্রে যান চলাচলের অনুমতি দেয়া হবে। নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সব অফিস আদালত বন্ধ থাকবে। তাই যান চলাচলের কোনো প্রয়োজন নেই। এছাড়া নিজ নিজ এলাকাতেই ভোটাররা ভোট দিবেন। কাজেই যান চলাচলের কোনো প্রয়োজন নেই। যানজটের কারণ ছাড়াও অন্যান্য সবধরনের সমস্যা এড়াতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’
নির্বাচনের সময় সিটি করপোরেশনগুলো থেকে বহিরাগতদের চলে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ সব নির্বাচনেই বহিরাগতদের থাকার কোনো অনুমতি দেয়া হয় না।
তিনি বলেন, নির্বাচনী এলাকায় যারা বসবাস করেন না, কিংবা কোনো কাজও নেই তারা যেন অবস্থান করে অঘটন ঘটাতে না পারে এজন্য বহিরাগতদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, আজ মধ্যরাত থেকে সব ধরনের প্রচারণা বন্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর কোনো ধরনের প্রচারনা চালানো যাবে না। মোবাইলে এসএমএস এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালানো যাবে না। এটা আচরণ বিধির লংঘন হবে।
তিনি বলেন, প্রচারনা বন্ধ হওয়ার পর কমিশনের নজরদারি থাকবে। রিটানিং কর্মকর্তা ও মেজিট্রেটকে নির্দেশ দেয়া আছে। যারাই বিধি লংঘন করবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।