শেষ দিনে ভোট ও দোয়া চাইলেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন গতকাল রবিবার তার শেষ দিনের প্রচারণা শুরু করেন সায়েদাবাদ এলাকা থেকে। এসময় বিপুল সংখ্যক ভক্ত ও সমর্থক নেচে-গেয়ে সাঈদ খোকনের পক্ষে প্রচারণা চালান।

 
দুপুর সোয়া ১২টায় সায়েদাবাদ ব্রিজ এলাকায় যান সাঈদ খোকন। বেলা ১১টা থেকেই ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু ও তার সমর্থকরা অপেক্ষা করতে থাকেন সাঈদ খোকনের জন্য। এখানে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। এসময় সাঈদ খোকন বলেন, আমি এ সরকারের আমলে কোনো ব্যবসা-বাণিজ্য করিনি। দলকে ব্যবহার করিনি। দুর্নীতির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত রাখবো।
 
তিনি বলেন, প্রচার-প্রচারণাকালে অনেকে আমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। আমি কারো বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, নামও নেইনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন। তিনি মুরুব্বি, মুরুব্বিদের নাম নেওয়াও আমাদের রীতিতে নেই। নির্বাচনী প্রচারণার সময় আমি তার নামও নেইনি।
 
সাঈদ খোকন বলেন, অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেও আমি সহ্য করেছি, ধৈর্য ধরেছি। মেয়র নির্বাচিত হলেও এমন ধৈর্যের পরিচয় দেবো। বিরোধী দলসহ সকল নাগরিককে সম্মান করে চলবো।
 
এরপর পিকআপ ভ্যানে উঠে জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে প্রচারণা চালান সাঈদ খোকন। যাত্রাবাড়ীর কলাপট্টি ও আশপাশের এলাকা ঘুরে তার গাড়িবহর যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছায়। সেখানে সমর্থক ও নেতা-কর্মীদের উদ্দেশে কথা বলেন, ভোট প্রার্থনা করেন।
 
এসময় সাঈদ খোকন বলেন, আমি ঢাকার সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার অধিকার একটু হলেও বেশি। এই মেয়র হানিফ উড়াল সেতুর মতো উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনা সমর্থিত প্রার্থীকে ভোট দিন। বাসযোগ্য ঢাকা গড়তে ইলিশ প্রতীকে ভোট দিন। তিনি সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
 

পরে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের লাল মোহন পোদ্দার লেন, পোস্তগোলা, ঢাকা কটন মিল এলাকা, হরিচরণ রায় রোড, বাহাদুর শাহ লেন, গেন্ডারিয়া এলাকা, ফরিদাবাদ লেন, ঢালকা নগর লেন, ৪৮ নম্বর ওয়ার্ডের সায়েদাবাদ ও উত্তর যাত্রাবাড়ী, ৪৯ নম্বর ওয়ার্ডের ব্রাক্ষণচিরণ ও ধলপুর এলাকা, ৫০ নম্বর ওয়ার্ডের পশ্চিম যাত্রাবাড়ী, উত্তর ও পশ্চিম যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, দক্ষিণ-পূর্ব যাত্রাবাড়ী, ওয়াপদা কলোনী, দক্ষিণ যাত্রাবাড়ী, ৫৩ নম্বর পশ্চিম জুরাইন, মুরাদপুর, ৫৪ নম্বর ওয়ার্ডে করিম উল্লার বাগ, নতুন জুরাইন, আলমবাগ ও মাজার রোড এলাকায় জনসংযোগ করেন। এদিকে সাঈদ খোকনের সমর্থনে সংসদ সদস্য আয়েনউদ্দীনের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার সামনে থেকে একটি মিছিল বের হয়।