বাসে চড়ে শেষ প্রচারণায় তাবিথ

বিএনপি সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রতীক ‘বাস’। তাই  ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার শেষদিন গতকাল রবিবার দিনভর বাসে চড়েই ‘বাস’ প্রতীকে ভোট চাইলেন তিনি। সকাল নয়টার দিকে তাবিথ শাহজাদপুর বাঁশতলা বাসস্টেশন থেকে শুরু করেন প্রচারণা। এরপর তিনি রামপুরা বনশ্রী হয়ে মগবাজার ও বাংলামটর এলাকায় প্রচারণা চালান।

 
এসময় তাবিথ সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে বাসই একমাত্র গণপরিবহন হওয়া উচিত। প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে দিতে হবে। বর্তমানে বাসে চড়াটা যতটা সুখকর তার চেয়ে হেঁটে চলাটা ততই কষ্টকর। এখনও রাস্তার অধিকাংশই অবৈধ দখলে আছে এবং কোনো কোনো জায়গায় ফুটপাতও নাই। নির্বাচিত হলে ফুটপাতকে মানুষের হাঁটার উপযোগী করার অঙ্গীকার করেন তিনি।
 
দুপুরে কাওরান বাজার যান তাবিথ। তারপর পর্যায়ক্রমে জনসংযোগ চালান ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, মহাখালী, খিলক্ষেত ও উত্তরার বিভিন্ন এলাকায়।  সন্ধ্যার পর শেওড়া বাজার, বনানী কাঁচা বাজার, মহাখালী তিতুমীর কলেজ, গুলশান ১নং গোল চত্বর ও নিকেতনে তিনি পথসভা করেন।
 

পথসভায় তাবিথ বলেন, যেখানে যাচ্ছি মানুষের বিপুল সমর্থন পাচ্ছি। আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হব ইনশাআল্লা­হ। এ সময় তিনি ঢাকা উত্তরের অপর মেয়র প্রার্থী মাহী বি চৌধুরীর ওপর হামলার নিন্দা জানান।