কিছুদিন আগেই একসাথে বড়পর্দায় আসার ঘোষণা দেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। কিন্তু তার আগেই ছোটপর্দায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। তাদের দাম্পত্য জীবনের বয়স ২০ বছর। আর এই দীর্ঘ সময়ে অনেক ঘটনাই ঘটে গেছে তাদের জীবনে। এমনকি তাদের সাধারণ জীবন নিয়েও আগ্রহের কমতি নেই ভক্তদের। ‘ভালোবাসার ২০ বছর’ শিরোনামে একটি টেলিছবিতে অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী। আগামী মাসে টেলিছবিটির শুটিং শুরু হবে। টেলিছবিটি পরিচালনা করছেন গোলাম রাব্বানি। তিনি বলেন, ‘দর্শকদের অনেক প্রিয় জুটি তারা। অনেকদিন ধরেই চাইছি এই জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করবো। অবশেষে সেই সুযোগ পেলাম। ওমর সানি ও মৌসুমীর জীবনের ভালোবাসা গল্প নিয়েই এই টেলিছবির চিত্রনাট্য লেখা হয়েছে। আশা করি দর্শকরা তাদের জনপ্রিয় জুটি দেখতে পেয়ে আনন্দিত হবেন।’