সিলেটের স্কলার্স হোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাস ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়া দিয়েছে। সোমবার সকালের এই খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছুটি দিয়ে প্রতিষ্ঠানটি একদিনের বন্ধ ঘোষণা করেছে।
সকালে শিক্ষার্থীরা স্কুলে এসেই স্কালার্স হোমের ১১ তলা ভবনের চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি অভিভাবকদের মধ্যে জানাজানি হয়ে গেলে অভিভাবকরা ক্যাম্পাস থেকে তাদের সন্তানদের নিয়ে যেতে চান এবং বিক্ষোভ করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি দিয়ে কাল মঙ্গলবার একদিনের স্কুল ছুটি ঘোষণা করেন।
কয়েকজন অভিভাবক জানিয়েছেন, সকালে সন্তানদের স্কুলে দিয়ে বাসায় গিয়ে জানতে পারেন স্কুলের ভবনে ফাটল দেখা দিয়েছে। তাই তারা তাদের বাচ্চাদের নিতে আবার স্কুলে আসেন। কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের ছুটি না দেয়ায় অভিভাবকরা বেশ কিছু সময় বিক্ষোভ করেন। পরে স্কুল ছুটি ঘোষণা করা হয়।
তবে স্কলার্স হোম স্কুল কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে নয় নির্মাণ ক্রুটির কারণেই ফাটল দেখা দিয়েছে। তারা আরো জানান, বিল্ডিং কোড মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। ফাটল মেরামত করতে একদিনের জন্য স্কুল ছুটি দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড.কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। প্রকৌশলীরা ভবন পরিদর্শনে এসেছেন। তাদের মতামতের ভিত্তিতে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।