চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (২৫) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (দায়রা জজ) রমনী রঞ্জন চাকমা এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ আগস্ট বিকেলে মতলব উত্তর উপজেলায় টরকী দক্ষিণ গ্রামে তিন বছর এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই্ বাড়ির আলী আহম্মেদের পুত্র রহুল আমিন। ঘটনার পর শিশুর মা রহুল আমিনের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৮ আগস্ট এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মতলব উত্তর থানায় শিশু ধর্ষণের অপরাধে রুহুল আমিনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৭ বছর মামলাটি চলমান থাকার পর আজ এই রায় দেয়া হলো।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার ও সহযোগিতায় ছিলেন সহকারী পিপি অ্যাড. জসিম উদ্দিন ভুঁইয়া। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আনোয়ার গাজী।