মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যক্তি ৩ দিন পর উদ্ধার, আটক ১

মুক্তিপণের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অপহৃত ওসমান আলিকে তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত শুক্রবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে ওসমান আলীকে মাছের ঘের পাহারা দেওয়ার সময় দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
 
এরপর থেকে অপহরণকারীরা মোবাইলকে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় অপহৃতের ছোট ভাই ওমর আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাকে উদ্ধারে রবিবার সারারাত বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মাঠ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের কাশেম আলীকে আটক করা হয়েছে।