ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসরা গ্রামে বড় ভাই ও ভাবির লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত আব্দুস সালাম (২৫) সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ।
কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, উপজেলার দুধসরা গ্রামের ফয়েজ উদ্দিনের সেজ ছেলে শামসুল ইসলাম ও ছোট ছেলে আব্দুস সালামের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় বাগ্বিতণ্ডার এক পর্যায়ে শামসুল ইসলাম ও তার স্ত্রী বিউটি বেগম লাঠি দিয়ে আব্দুস সালামের মাথায় আঘাত করে। এতে আব্দুস সালাম মারাত্মকভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালে সোমবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার পর থেকে ওই পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।