ভোটের আগে টাকাসহ বিএনপিকর্মী আটক

 
রাজধানীতে সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন তিন লাখ টাকাসহ শারফিন নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মিরপুর থানা পুলিশ তাকে আটক করে বলে ডিএমপির এক মুঠোফোন বার্তায় এই তথ্য জানানো হয়।
 
বার্তায় বলা হয়, শারফিন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট কিনছিলেন। এসময় তার আরো পাঁচ সহযোগীকে আটক করা হয়েছে।
 
এর আগে রবিবার রাতে হাজারীবাগ, রমনা ও খিলক্ষেত এলাকা থেকে ভোট ক্রয়ের চেষ্টাকালে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে টাকাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
 
হাজারীবাগ থানার ওসি জানান, যুবদলের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন হাজারীবাগ থানাধীন গনকটুলী এলাকায় রাতে নগদ টাকা দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট ক্রয়কালে নগদ টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
 
রমনা থানার ওসি জানান, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের পক্ষে রমনা থানাধীন চল্লিশ ঘর বস্তি এলাকায় রাতে নগদ টাকা দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার চেষ্টাকালে মাসুদকে হাতেনাতে আটক করে রমনা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
 
খিলক্ষেত থানার ওসি জানান, মধ্যপাড়া এলাকায় ভোর রাতে নগদ টাকা দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ফিরোজ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।