প্রথম সেশনকে গুরুত্বপূর্ণ মনে করছেন হাথুরুসিংহে

 
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনটাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দিকা হাথুরুসিংহ। আজ সোমবার ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা কিভাবে শুরু করি, সেটাই আসল। আমরা প্রথম সেশনের দিকে মনোযোগ দিচ্ছি। কালকের প্রথম সেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
 
আগামীকাল মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো খেলার আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও দেখতে চান হাথুরুসিংহ। তিনি বলেন, ‘এটা ভিন্ন ফরম্যাট, কিন্তু ভালো করলে আপনি আত্মবিশ্বাসী থাকবেন। নিজেদের প্রস্তুতির ওপর আস্থা রাখতে হবে। এই আত্মবিশ্বাস আমরা খেলায় নিতে চাই।’
 

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশের কোচ। তবে বাংলাদেশও এ মুহূর্তে সেরা সময়ে আছে বলে মনে করেন তিনি। বললেন, ‘পাকিস্তানের টেস্ট দল শক্তিশালী, এই দলে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় রয়েছে। ওরা সম্প্রতি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডকে হারিয়েছে। দল ভালো করছে এমন সময় শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলাটা আমাদের জন্য ভালো।’