জবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে জন্য প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সান্ধ্যকালীন ডিগ্রিধারী সকল শিক্ষার্থীরা যারা অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন তারাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

স্নাতক/বিবিএ’র জন্য ৩ হাজার টাকা, সঙ্গে মূল সদন ফি ৪০০ টাকা। স্নাতকোত্তর/ এমবিএ’র জন্য ৪ হাজার টাকা, সঙ্গে মূল সনদ ফি ৪০০ টাকা। এমফিল ও পিএইচডির জন্য ৪ হাজার ৫০০ টাকা, সঙ্গে ৪০০ টাকা মূল সনদ ফি। আর সন্ধ্যাকালীন সব প্রোগ্রামের সনদের জন্য ৬ হাজার টাকা, সঙ্গে মূল সনদ ফি ৮০০ টাকা। এর সঙ্গে সবাইকে সার্ভিস চার্জ হিসেবে রেজিস্ট্রেশন ফি ও মূল সনদ ফির ১ শতাংশ হারে টাকা দিতে হবে।

সমাবর্তনে একজন শিক্ষার্থী বা ডিগ্রিধারী কেবল একটি ডিগ্রির সনদের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়ম অনুযায়ী তার অপর ডিগ্রির সনদ তুলতে পারবেন।

আরো পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সমাবর্তন গাউন শিক্ষার্থীদের ফেরত দিতে হবে না। রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) অনুষ্ঠিত হবে।

সমাবর্তনের জন্য আবেদন convocation.jnu.ac.bd এই ঠিকানায় নির্দিষ্ট ফি জমা দিয়ে করা যাবে।

ইত্তেফাক/মোস্তাফিজ