নওগাঁর মান্দায় গম বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নসিমনের চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার জিনারপুর গ্রামের নসিমন চালক মোজাম্মেল হক (৪৮), গাইহানা গ্রামের তাজ উদ্দিন (৩৫) ও একই এলাকার উজ্জ্বল হোসেন (২৮)। সোমবার আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত তাজ উদ্দিন ও উজ্জ্বল হোসেন গরু ব্যবসায়ী। সোমবার দুপুরে মোজাম্মেল হকের নসিমনে তারা দু’জন নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে নওগাঁর দিক থেকে আসা গম বোঝাই একটি ট্রাক নসিমনকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।