পুঁজিবাজারে টানা পাঁচ দিন দরপতনের পর সোমবার কিছুটা বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ সময়ে সূচক অনেক কমে যাওয়ায় কিছু কোম্পানির শেয়ারদর তুলনামূলকভাবে তলানীতে নেমে এসেছে। তাই এসব কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। আর এ প্রবণতা থেকেই বেড়েছে পুঁজিবাজারের সূচক।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৪০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ১১ লাখ টাকা কম।
লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২১৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য এ এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।