তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যতই সাফাই গাওয়ার চেষ্টা করুক, বিচারের হাত থেকে তার রেহাই নেই। জনগণের চোখের সামনে সংঘটিত মানুষ পোড়ানোর অপরাধ ঢাকা পড়বে না।
সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়ার রবিবারের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।
খালেদা জিয়ার ওই সাংবাদিত সম্মেলনকে ‘অপরাধ ও দুষ্কর্মের সাফাই গাওয়ার অপচেষ্টা’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ভালভাবে চলছে কিনা তার পরীক্ষা রাজাকার-যুদ্ধাপরাধীর কাছে দিতে হয় না, তেমনি আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার কাছেও গণতন্ত্রের টেস্ট-পরীক্ষা দেওয়ার কিছু নেই। তিনি বলেন, খালেদা জিয়া এ কথার মাধ্যমে একটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। তার ইচ্ছা পুরণ না হলে তিনি আবার মানুষ পোড়াবেন, নাশকতা করবেন।
তথ্যমন্ত্রী বলেন, গত ৬ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার ডাকা অবরোধ-হরতাল সফল করতে সন্ত্রাসীরা ২৪৭টি পেট্রোলবোমা ও ২ হাজার ৫৬২টি ককটেল নিক্ষেপ করেছে। পুলিশ ৮৫৩টি পেট্রোলবোমা ও ৯১৬টি ককটেল উদ্ধার করেছে। এক হাজার ৩৮টি গাড়ি ভাঙচুর করেছে, ৮২০টি গাড়িতে আগুন দিয়েছে ও রেলে ১৮টি এবং নৌ-পথে ৬টি ভয়াবহ নাশকতা করা হয়েছে। ৭০টি সরকারি স্থাপনায় হামলা, ১৫টি আওয়ামী লীগ কার্যালয় ও কমপক্ষে ২০ জন আওয়ামী নেতাকর্মীর বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, শুধু তাই নয়, রেহাই পায়নি হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ও। তাদের ওপর কমপক্ষে ২৩টি হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ইনু বলেন, সহিংসতার ওই সময়ে অগ্নিদগ্ধ হয়েছেন ৩৯৯ জন, নিহত হয়েছেন একশরও বেশি মানুষ। এই অমানবিক নাশকতাকালে যে ৫৭৯ জন গ্রেফতার হয়েছেন, তারমধ্যে ৩৬৩ জনই বিএনপির নেতাকর্মী ও ২০৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।