বহু প্রতীক্ষিত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আজ মঙ্গলবার। তিন সিটির আগামীর নগরপ্রধানরা নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দিবেন। প্রায় সব প্রার্থীই সপরিবারে ভোটকেন্দ্রে যাবেন।
সকল প্রার্থী সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দেবেন। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল সকাল সোয়া ৮টায় ভোট দেবেন গুলশান এক নম্বরের ১০৪ নম্বর রোডের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে। বিকল্পধারার মাহী বি চৌধুরী সকালে ভোট দেবেন বারিধারার ৯০ পার্ক রোডে স্থাপিত অস্থায়ী ভোটকেন্দ্রে। গণসংহতির জোনায়েদ সাকি সকালে ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন সকাল ১০টায় নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তবে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস কয়েকটি মামলায় পলাতক থাকায় আদৌ ভোট দেবেন কিনা, জানা যায়নি। তার ভোটকেন্দ্র শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজ। আব্বাসের পক্ষে প্রচারণা পরিচালনাকারী তার স্ত্রী আফরোজা আব্বাস সকাল ৯টার মধ্যে এই ভোটকেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন নিউমার্কেট সংলগ্ন মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। বিএনপি সমর্থিত প্রার্থী মন্্জুর আলম ভোট দেবেন উত্তর কাঠতলির হাজী ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টায়।