আদালতে হাজির হতে না পারায় তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্ট। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তার আইনজীবীরা সময় চাইলে হাইকোর্টের ২টি বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়।
গত ১৫ এপ্রিল হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর দুটি মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেয় হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ২টি মামলায় তাকে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। অপরদিকে কনিষ্ঠ বিচারক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে দ্রুত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে গতকাল মামলা দুটি শুনানির জন্য আসে।
মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, গত কয়েকদিন ধরে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে। জ্বালিয়ে দেয়া হয়েছে নির্বাচনী ক্যাম্প। অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হুমকি দিচ্ছে। এসব কারণে মির্জা আব্বাস নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য আদালতে আসতে পারেননি। তাই তিনি এক সপ্তাহ পর শুনানির জন্য আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে আদেশ দেয়।
এদিকে একই কারণ দেখিয়ে দুদকের দুর্নীতির মামলায় সময় চান আব্বাসের আইনজীবীরা। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ সময় মঞ্জুর করে আগামী সোমবার শুনানির জন্য পুনরায় দিন ধার্য করে দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।