জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার স্বার্থে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমন করতে হবে। তিনি বলেন, শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তাই শিশুদের যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের আইনের আওতায় আনা পুলিশ প্রশাসনের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা আন্তরিক হবেন বলে প্রত্যাশা করেন ড. মিজানুর রহমান। মঙ্গলবারের সিটি করপোরেশন নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে প্রত্যাশা করে ড. মিজানুর রহমান বলেন, নাগরিকরা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সোমবার দুপুরে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘রাইটস যশোর’ আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা নিরসন’ শীর্ষক অবহিতকরণ ও প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক, জেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দিন ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, শিক্ষার্থী জান্নাতুন নাহার মুনমুন, নয়ন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। তোমরা স্বপ্ন দেখতে শেখ। আর সেই স্বপ্নকে লক্ষ্য ধরে যদি তার পেছনে ছুটতে পারো তাহলে অবশ্যই সেই স্বপ্ন তোমাদের হাতের মুঠোয় ধরা দেবে। ড. মিজানুর রহমান বলেন, এখন শিশুদের মাথায় বইয়ের বোঝা চাপিয়ে তাদের অসম প্রতিযোগিতায় নামিয়ে শৈশব কেড়ে নেয়া হচ্ছে। তিনি শিশুদের শৈশবকে ফিরিয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।