তিন সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটের লড়াই। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নগরের অভিভাবক কে হবেন দিনশেষে তা জানা যাবে জনতার রায়ে।
সরেজমিনে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে স্থান ভেদে ভোটার উপস্থিতির তারতম্য দেখা গেছে। রাজধানীর ধানমন্ডি এলাকর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম। অন্যদিকে রায়েরবাজার, মোহাম্মাদপুর ও হাজারিবাগ এলাকার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। ভোটাররা স্বাভাবিকভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোটগ্রহণের হার অনেক কম।
কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্য রয়েছে রাজধানীর নির্বাচনী কেন্দ্রগুলোতে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।