চৌগাছায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

যশোরের চৌগাছা উপজেলায় জুয়েল নামে ৭ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। সে নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। 
 
জানা গেছে, কিছুদিন আগে জুয়েলের মা মারা গেলে সে নানা বাড়ি নারায়নপুর গ্রামে থেকে  পড়াশোনা করছিল। মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জুয়েল নারায়নপুর বাজারে পৌঁছালে মাটি বহনকারী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। 
 
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং এর চালককে আটক করে। পরে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে গ্রেফতার করে এবং দগ্ধ ট্রাকটি উদ্ধার করে। ট্রাক চালক আলী কদর (২২) যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা।
 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।