নির্বাচন সুষ্ঠু হওয়ায় সবাইকে সিইসির ধন্যবাদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আমি ও আমার সহকর্মীসহ ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। রেসিডেন্সিল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। সাধারণ কর্তাদের সঙ্গে কথা বলেছি। এ সময় কেউ কোনো অভিযোগ করেননি। এছাড়া বিদেশি পর্যবেক্ষক ও কূটনীতিকরা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই। 
 
মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে সিটি নির্বাচন পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 
 
সিইসি বলেন, সুরিটোলা, কমলাপুরসহ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ সমস্যা হওয়ায় পরে বিচার করে দেখা হবে। আরো দু’ একটি ভোট কেন্দ্রে গোলযোগ হওয়ায় বন্ধ রাখা হয়েছে। এছাড়া তেমন সমস্যা হয়নি, ভোট সুষ্ঠু হয়েছে।
 
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নিদের্শ দিচ্ছি। তারা নির্বাচনের কারণে আরো একদিন মাঠে অবস্থান করবে। সর্বোপরি সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।